ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিলেটে পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৫:৫৫ এএম
ছবি : সংগৃহীত

অযৌক্তিক জরিমানা আদায়সহ নানা অভিযোগের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের পেট্রোল পাম্প বন্ধ কর্মসূচি থেকে সরে এসেছেন পাম্প মালিকরা।

সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর আশ্বাসের ভিত্তিতে তারা এ সিদ্ধান্ত নেন। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ জানান, পাম্পগুলোতে ট্যাগ কর্মকর্তা বসানো, বিভিন্ন সংস্থার মাধ্যমে ঘন ঘন হিসাব নেওয়া, পাম্পে পুলিশ নিয়োগ এবং কয়েকটি পাম্পে বড় অঙ্কের জরিমানা আদায়ের প্রতিবাদে তারা তেল বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।

তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে সিলেট বিভাগের সিএনজি ও এলপিজিসহ কোনো পাম্পই মালিকদের পক্ষে পরিচালনা করা সম্ভব হচ্ছিল না।

ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, সরকারের প্রতিনিধিরা চাইলে পাম্প চালাতে পারেন এতে তাদের কোনো আপত্তি নেই। প্রশাসনের কঠোর নজরদারি ও জরিমানাকে তারা ‘হয়রানি’ হিসেবে দেখছেন।

জানা গেছে, উদ্ভূত পরিস্থিতি নিরসনে সন্ধ্যা থেকে কয়েকজন মালিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করলেও তাৎক্ষণিক কোনো সমাধান হয়নি। পরে রাতেই বৈঠক করে পেট্রোল পাম্প মালিকরা ধর্মঘটের ঘোষণা দেন।

এদিকে রাতে সিলেট নগরের চন্ডিপুল এলাকায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করা হয়, এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়। অভিযোগগুলোর সমাধানের আশ্বাস পেয়ে রাত ২টার দিকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন ব্যবসায়ীরা।

সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। তাদের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।