ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলায় সংসদীয় ৮টি আসনের মধ্যে প্রাথম ধাপে ৪টি আসনের মোট ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসব মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
জেলার মোট ৮টি আসনের মধ্যে প্রথম দিন ৪টি আসনের নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা শরীফা হক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ তাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে টাঙ্গাইল-১ আসনে ৩ প্রার্থী, টাঙ্গাইল-২ আসনে ১, টাঙ্গাইল-৩ আসলে ২ এবং টাঙ্গাইল-৪ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তথ্যের গরমিল থাকাসহ নানা কারণে টাঙ্গাইল-১ (ধনবাড়ী ও মধুপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদ ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
টাঙ্গাইল-২ (ভুয়াপুর ও গোপালপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মনোয়ার হোসেন সাগরের মনোনয়নপত্র বাতিল করা হয়।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও মো. শাহজাহান মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হালিম মিয়া ও মো. শাহ আলম তালুকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক জানান, প্রথম ধাপে ৪টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হয়েছে। এতে তথ্যের গরমিল ও নানা কারণে ৯ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে ১৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন