ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের মতো টাঙ্গাইলের ভূঞাপুরেও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ার আশঙ্কা করা যাচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সরেজমিনে উপজেলার প্রাণকেন্দ্র ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগতেরিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের চিত্র দেখা যায়। তবে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও নির্বাচনে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।
দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তারা সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এসব কেন্দ্রে গড়ে প্রায় ৮ থেকে ১০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন।
এদিকে, প্রত্যেকটি কেন্দ্রেই ছিল সনাতন ধর্মের ভোটারদের সরব উপস্থিতি।
ভোট দিতে আসা এক নারী ভোটার বলেন, ‘আমি স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরেছি। কোনো সমস্যা হয়নি।’ তবে গণভোট প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে তার কোনো ধারণা নেই।’
তরুণ ভোটাররা জানান, গত নির্বাচনের তুলনায় এবার ভোটগ্রহণ কার্যক্রম বেশ আধুনিক। কোনো ধরনের ভয়-ভীতি নেই। প্রথমবার নির্বিঘ্নে ভোট দিতে পেরে তারা খুবই আনন্দিত।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কেন্দ্রগুলোতে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।


