টাঙ্গাইলের ঘাটাইলে তৃতীয় শ্রেণির এক শিশুকে (৮) ধর্ষণের অভিযোগে ছানোয়ার হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নে মমিনপুর পাড়া গরনচালা এলাকায় আম বাগানে শিশুটিকে ধর্ষণ করে। এর আগে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে ওইদিন সন্ধ্যায় ঘাটাইল থানায় একটি মামলা করেন। অভিযুক্ত ছানোয়ার হোসেন উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের খোরশেদ আলমের ছেলে।
ভুক্তভোগী শিশুর মা জানান, গত ৫ জুলাই রাত সাড়ে ৮টার দিকে তিনি তার মেয়েকে কয়েল আনতে দোকানে পাঠান। কয়েল নিয়ে ফেরার পথে স্থানীয় একটি আমবাগানের ভেতরে নিয়ে শিশুটির মুখ চেপে ধর্ষণ করেন ছানোয়ার। এতে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে আসে। তিনি আরও জানান, ঘটনার পর বিষয়টি কাউকে জানালে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়। অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীর পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। তার দাবি, এর আগেও ছানোয়ার শিশুটিকে শ্লীলতাহানি করেছিল।
এ বিষয়ে জানতে চাইলে ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান বলেন, আট বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা শেষে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ আইনে মামলা শেষে ছানোয়ারকে হাজতে পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন