ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টাঙ্গন নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ১১:৪১ পিএম
রুহিয়া থানা। ছবি : রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন টাঙ্গন নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রুহিয়া থানার অন্তর্গত ১৪ নম্বর রাজাগাঁও ইউনিয়নের চাপাতি গ্রামের টাঙ্গন বাঁধের পাশের নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তিটি আনুমানিক বিকেল ৫টার দিকে নদীতে নামে। একপর্যায়ে তিনি নদীর পানিতে ডুবে গেলে ৯৯৯ নম্বরে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় ৩০ মিনিট উদ্ধার অভিযান চালিয়ে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নদীতে নামেন। একপর্যায়ে তিনি নদীতে ডুবে যান।

স্থানীয় গ্রাম পুলিশসহ স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করেন। তার বয়স আনুমানিক ৫৫-৫৭ বছর। তার পরনে সাদা রঙের একটি শার্ট ছিল।

রুহিয়া থানার উপ-পরিদর্শক (ভারপ্রাপ্ত ওসি) মো. জোবাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি।

প্রাথমিক সুরতহাল ও স্থানীয় লোকজনের বরাতে তিনি জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। বুধবার ক্রাইম সিনের একটি টিম এসে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করবে এবং ময়নাতদন্তের জন্য বুধবার সকালে মরদেহ মর্গে পাঠানো হবে। এরপর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।