আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। দলটির দাবি, মিছিলে অর্ধলক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মিছিলটি ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আর্ট গ্যালারি মোড় ঘুরে পুনরায় একই স্থানে শেষ হয়।
মিছলের শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনের ১১ দলের সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন। তিনি বলেন, ‘আমি শাসক হতে চাই না, আপনাদের সেবক হতে চাই। চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর ঠাকুরগাঁও গড়তে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাই।’
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধান, সহ-সেক্রেটারি কফিল উদ্দিন এবং সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা।


