বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে।
তিনি আরও বলেন, জেলার মানুষের জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
রোববার (১ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া এগিয়ে নিতে হাসপাতালের অবকাঠামো ও শয্যাসংখ্যা বৃদ্ধি অপরিহার্য। হাসপাতাল পরিচ্ছন্ন রাখা, চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে যা যা প্রয়োজন, তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ চাহিদাপত্র পাঠালে তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
রোগী ও স্বজনদের চলাচল সহজ করতে একটি লিফট স্থাপনের বিষয়েও জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি উল্লেখ করেন।
একই কর্মস্থলে তিন বছরের বেশি চিকিৎসক কর্মরত থাকার বিধিনিষেধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি আমরা দেখছি। দায়িত্ব গ্রহণের মাত্র ১০-১২ দিন হয়েছে। ধীরে ধীরে সবকিছু নিয়মের মধ্যে আনা হবে।’
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, সিভিল সার্জন ডা. আনিসুর রহমান, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

