ধারালো অস্ত্রের হামলায় সাদেকুল ইসলাম (৩২) নামে এক আইনজীবীর সহকারী গুরুতর জখম হয়েছেন। এ ঘটনার পরপরই স্থানীয়রা হামলাকারী যুবককে আটক করে গণধোলাই দেন।
আহত সাদেকুল ইসলাম ঠাকুরগাঁও রোড এলাকার বাসিন্দা ইসমাঈল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যার দিকে আদালত হতে বাড়ি ফেরার পথে আইনজীবীর সহকারী সাদেকুল ইসলামের ওপর হামলা চালায় কুদরত আলী নামে এক যুবক।এতে সাদেকুল ইসলাম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্টি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরপরই অভিযুক্ত কুদরত আলী পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দেয়। অভিযুক্ত কুদরত (৩০) হরিহরপুর এলাকার বাসিন্দা।
আহত সাদেকুল ইসলাম জানান, তিনি একজন আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেন। কুদরতকে বাকিতে একটি মামলায় আদালত থেকে জামিন করিয়ে দিলেও সে টাকা পয়সা দিচ্ছে না।পারিশ্রমিক না দেওয়ায় তিনি কুদরতের বাড়িতে যান।এতে কুদরত ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ঠাকুরগাঁও রোড যুব সংস মাঠে তাকে পেয়ে তার ওপর হামলা চালায়। শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, এ ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


