ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভুট্টা খেতে ৪ বছরের শিশুর মরদেহ, কিশোর আটক

রানিশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৬:১০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর ভুট্টা খেতে থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা নবম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার (১৩ মে) দুপুরে নিজ বাড়ির আশপাশে খেলতে গিয়ে শিশু লামিয়া নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে স্থানীয়রা ভুট্টা খেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

ঘটনার পর সন্দেহভাজন হিসেবে একই এলাকার ওই কিশোরকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত শিশুর স্বজনরা বলেন, আমাদের সব শেষ হয়ে গেছে। আমরা শুধু এই ঘটনার সঠিক বিচার চাই।

রাণীশংকৈল থানার ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।