দেড়শ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবুও তিনি আজও বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে নিঃশব্দে বিচরণ করেন। কখনো ‘আমার সোনার বাংলা’র সমবেত গানে, কখনো ‘একলা চলো রে’–তে বিশ্বাসী মানুষের দৃঢ় অঙ্গীকারে। বর্ষা, বসন্ত কিংবা সব ঋতুতেই ‘জ্যোৎস্না মাখা’ শব্দে তিনি লিখে গেছেন কালজয়ী সাহিত্য। তার সৃষ্টি যেন এক অক্ষয় নদী—থামে না, শুকোয় না; কালের বুক চিরে অনন্তকাল বয়ে চলে। তিনি আর কেউ নন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ তার ১৬৫তম জন্মবার্ষিকী।
এই প্রতিবেদনে তুলে ধরা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ৭টি সেরা ছোটগল্প, যা পাঠককে শেষ পর্যন্ত মুগ্ধ করে রাখবে।
১. কাবুলিওয়ালা
‘কাবুলিওয়ালা’ গল্পটি রহমতকে কেন্দ্র করে রচিত। রহমত একজন পশতুন, যিনি প্রতি বছর শুকনো ফল বিক্রি করতে কলকাতায় আসেন। গল্পটির মূল আবেগ গড়ে উঠেছে মিনি নামের এক অভিজাত পরিবারের পাঁচ বছরের ছোট্ট মেয়েকে ঘিরে। মিনিকে দেখে রহমতের আফগানিস্তানে থাকা নিজের মেয়ের কথা মনে পড়ে।
কিন্তু এক ভুল বোঝাবুঝির কারণে রহমত অন্যায়ভাবে কারারুদ্ধ হন। বহু বছর পর মুক্তি পেয়ে ফিরে এসে দেখেন, মিনি এখন বড় হয়ে গেছে—তার বিয়ের দিন, আর সে রহমতকে চিনতেও পারে না।
এই কালজয়ী গল্পটি ১৯৬১ এবং ২০২৩ সালে চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে। এছাড়া নেটফ্লিক্সের ‘রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সিরিজেও এটি বিশেষভাবে প্রশংসিত হয়।
২. পোস্টমাস্টার
রবীন্দ্রনাথের এই বিখ্যাত ছোটগল্পে একাকীত্বের গভীর অনুভূতি ফুটে উঠেছে। গল্পের নায়ক কলকাতার এক নামহীন পোস্টমাস্টার, যাকে বদলি করে একটি প্রত্যন্ত গ্রামীণ ডাকঘরে পাঠানো হয়।
শহুরে ব্যস্ত জীবন থেকে হঠাৎ নির্জন গ্রামে এসে তিনি নিজেকে ভীষণ বেমানান মনে করেন। সেই নিঃসঙ্গতার মাঝেই রতন নামের এক কিশোরীর মধ্যে তিনি খুঁজে পান সঙ্গ, শিষ্য এবং সেবিকা।
কিন্তু একসময় যখন তাকে সিদ্ধান্ত নিতে হয়- গ্রামে থেকে যাবেন, নাকি শহরে ফিরে যাবেন- তখন তিনি এমন একটি সিদ্ধান্ত নেন, যা পাঠকের মনে দীর্ঘস্থায়ী বেদনা তৈরি করে।
এই গল্পটি পরে সত্যজিৎ রায় ১৯৬১ সালে চলচ্চিত্রে রূপ দেন।
৩. কঙ্কাল
‘কঙ্কাল’ গল্পে রবীন্দ্রনাথ এক ভিন্নধর্মী ভূতের গল্প উপস্থাপন করেছেন।
এক কিশোরকে এমন একটি ঘরে রাত কাটাতে হয়, যেখানে বহু বছর ধরে একটি কঙ্কাল ঝুলছে। একসময় সেটি ছাত্রদের শরীরবিদ্যা শেখানোর কাজে ব্যবহার করা হতো।
রাতে ঘুম ভেঙে সে দেখতে পায়, এক যুবতীর আত্মা তার সামনে দাঁড়িয়ে আছে। বাইরে সাহসের ভান করলেও ভেতরে সে ভয়ে কাঁপছিল। পরে সেই আত্মা তাকে নিজের জীবনের করুণ গল্প শোনাতে শুরু করে।
গল্পটি রহস্য, ভয় এবং মানবিক বেদনার এক অসাধারণ মিশ্রণ।
৪. মাসি
এই গল্পে অসুখী দাম্পত্যজীবনের জটিলতা এবং এক বাঙালি যুবকের মানসিক নির্ভরতার বিষয়টি গভীরভাবে ফুটে উঠেছে।
যতিনের স্ত্রী মণি প্রাণবন্ত ও চঞ্চল স্বভাবের। কিন্তু স্বামীর মরণাপন্ন অসুস্থতার চেয়ে বোনের অন্নপ্রাশনের অনুষ্ঠান নিয়েই সে বেশি ব্যস্ত। অন্যদিকে, যতিনের মাসি স্বামীর মৃত্যুর পর নিজের জীবন বিসর্জন দিয়ে যতিনের দেখাশোনার দায়িত্ব নেন।
মণি ও মাসির এই দ্বন্দ্বের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ সমাজের সেই পশ্চাৎপদ মানসিকতাকে তুলে ধরেছেন, যেখানে স্ত্রীর ভালোবাসা কেবল স্বামীর সেবার মাধ্যমে বিচার করা হয়।
৫. অতিথি
‘অতিথি’ গল্পের কেন্দ্রীয় চরিত্র তারাপদ- এক স্বাধীনচেতা কিশোর, যে কোনো বাঁধাধরা নিয়মে নিজেকে আবদ্ধ করতে চায় না।
তার রক্তে ছিল ভ্রমণের নেশা। কিন্তু গ্রামের সাধারণ এক কিশোরের জন্য এমন স্বাধীনতার স্বপ্ন ছিল বিলাসিতার মতো।
ঘুরতে ঘুরতে একসময় সে মতিবাবু নামের এক ধনী জমিদার পরিবারের সংস্পর্শে আসে। সেখান থেকেই গল্পে আসে নাটকীয় মোড়।
এই গল্প অবলম্বনে পরিচালক তপন সিনহা একটি পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাণ করেন।
৬. স্ত্রীর পত্র
মৃণাল নামের এক বুদ্ধিমতী ও সংবেদনশীল নারী কলকাতার এক অভিজাত যৌথ পরিবারে বিয়ে হয়ে আসে। সমাজ আশা করে, উচ্চবিত্ত পরিবারে বিয়ে হওয়ায় সে কৃতজ্ঞ থাকবে।
কিন্তু মৃণালের রয়েছে স্বাধীন সত্তা, তীক্ষ্ণ বুদ্ধি এবং জীবনে অর্থবহ কিছু করার আকাঙ্ক্ষা। পরিবারের অন্য নারীরা যখন নিজেদের জীবন রান্নাঘর ও শোবার ঘরে সীমাবদ্ধ রাখে, তখন মৃণাল গোপনে কবিতা লেখা শুরু করে।
পরে বিন্দু নামের এক অসহায় তরুণীকে জোরপূর্বক নির্যাতনমূলক বিয়েতে ঠেলে দেওয়া হলে, মৃণাল সামাজিক রীতিনীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়।
নারীর আত্মমর্যাদা ও স্বাধীনতার প্রশ্নে এটি রবীন্দ্রনাথের অন্যতম শক্তিশালী গল্প।
৭. ক্ষুধিত পাষাণ
রবীন্দ্রনাথের অন্যতম সেরা রহস্যগল্প ‘ক্ষুধিত পাষাণ’। গল্পের নায়ক একজন কর আদায়কারী, যিনি কাজের সূত্রে এক ছোট শহরে গিয়ে একটি পুরোনো ও ঐতিহাসিক প্রাসাদে থাকার সিদ্ধান্ত নেন।
কিন্তু রাত নামতেই প্রাসাদজুড়ে শুরু হয় অদ্ভুত সব অভিজ্ঞতা। তিনি যেন দেখতে পান মুঘল আমলের অভিজাত মানুষদের- তাদের বিলাসিতা, আনন্দ-উৎসব, আর এক রহস্যময় সুন্দরী নারীকে, যিনি ধীরে ধীরে তার মন দখল করে নেন।
রহস্য, ইতিহাস ও অতিপ্রাকৃত আবহে ভরপুর এই গল্পটি পরে দুটি চলচ্চিত্রে রূপায়িত হয়—১৯৬০ সালে তপন সিনহা পরিচালিত ‘ক্ষুধিত পাষাণ’ এবং ১৯৯১ সালে গুলজার পরিচালিত ‘লেকিন…’।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন