রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় মো. শিপন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ থানা উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শীল জানান, আমরা খবর পেয়ে রাতে হাজারীবাগের ঝাউচর সিয়াম স্কুলের গলি এলাকায় রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কে বা কারা তাকে কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত শিপন হাজারীবাগের বড় মসজিদ এলাকার মো. শাহ আলমের ছেলে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন