ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল কর্মীসহ ৪ শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০১:২৪ এএম
আটক ৪ চাঁদাবাজ। ছবি : রূপালী বাংলাদেশ

৫ আগস্টের পর থেকে কাঁচা বাজার ও লেগুনা গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের চারজন শিক্ষার্থীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর ইডেন মহিলা কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।

অভিযুক্তরা হলেন- ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুর আমিনের ঘনিষ্ঠ সহচর মাসুদ রানা, নির্দেশদাতা শাফায়েত আলী রুদ্র, ঢাকা কলেজ ম্যানেজমেন্ট বিভাগের বায়জিদ, আবির।

জানা যায়, জুলাই আন্দোলনের পর থেকে তারা বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে নিউমার্কেট কাঁচা বাজার ও লেগুনা গাড়ি থেকে চাঁদা আদায় করছিল। চাঁদা দিতে অস্বীকার করলে তারা হুমকি ও মারধোর করতো। পরবর্তীতে ভুক্তভোগীরা অতিষ্ঠ হয়ে সেনাবাহিনীকে খবর দেন। সেনাবাহিনী তাদের আটক করে লালবাগ থানায় হস্তান্তর করে।

ভুক্তভোগী এক ব্যবসায়ী বলেন, “আবির ও মাসুদসহ কয়েকজন গতকাল আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় তরকারি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতে আসে। বিষয়টি জানতে পেরে আমি তাদের জিজ্ঞেস করি, ‘ভাই, আপনাদের সমস্যা কী?’ জবাবে তারা বলেন, ‘আমরা নিউমার্কেট ও আজিমপুর এলাকা নিয়ন্ত্রণ করি, এটাও নিয়ন্ত্রণ করবো।”

তিনি আরও জানান, “আজ আবার তারা ইডেন কলেজের সামনে এসে আমার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে সাত-আটজন মিলে আমাকে গণপিটুনি দেয়। মারধরের সময় পানি চাইলে তারা বলে, ‘তোকে পানি দেব না, প্রসাব দেব তুই আগে টাকা দে।”

ভুক্তভোগী আরও বলেন, “ঘটনার সময় শাফায়েত আলী রুদ্র দলটির নেতৃত্ব দিচ্ছিল। পরে মুরাদ নামে একজন এসে তাদের ছাড়ানোর চেষ্টা করে। প্রথমে অভিযুক্তরা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র পরিচয় দিয়েছিল, পরে আর কোনো পরিচয় দেয়নি। তারা ঢাকা কলেজে রাজনীতি করে বলে জানা গেছে।”

এ বিষয়ে লালবাগ থানা ওসিকে একাধিকবার কল করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।