বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বেড়ে চলছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। কিছুদিন আগে শহরের বায়ুমান কিছুটা উন্নতির দিকে ছিল। সম্প্রতি আবারও দূষণের মাত্রা বেড়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৫৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৬তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। গত বৃহস্পতিবার শহরের স্কোর ছিল ১৭৩। গতকালের তুলনায় আজ দূষণের মাত্রা কিছুটা কমলেও এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
দূষণের তালিকায় ভারতের দিল্লি ২০৩ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। একই সময়ে কলকাতা ১৮৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে, যা ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে ধরা হয়।
অন্যান্য শহরের অবস্থান
পাকিস্তানের লাহোর ১৯১ স্কোরে দ্বিতীয়, কাতারের দোহা ১৮৬ স্কোরে চতুর্থ, কিরগিজস্তানের বিশকেক ১৮৬ স্কোরে পঞ্চম, ভিয়েতনামের হ্যানয় ১৭৭ স্কোরে ষষ্ঠ, ইরাকের বাগদাদ ১৭৬ স্কোরে সপ্তম, পোল্যান্ডের ভ্রৎসওয়াফ ১৭৪ স্কোরে অষ্টম, চীনের চেংডু ১৬৪ স্কোরে নবম এবং উগান্ডার কামপালা ১৬০ স্কোরে দশম অবস্থানে রয়েছে।
একিএকিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন