ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মায়ের বুকেই থেমে গেল ছোট্ট ফাইয়াজের নিশ্বাস!

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৯:১৮ পিএম
ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, স্বামী-স্ত্রী ও তাদের দুই বছর বয়সি শিশুপুত্র। মাত্র এক রাত আগেই নানির বাসা থেকে মায়ের কোলে ফিরেছিল ছোট্ট ফাইয়াজ; সকালে সেই মায়ের বুকেই নিথর হয়ে পড়ে সে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাজী ফজলে রাব্বি (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের ছোট ছেলে কাজী ফাইয়াজ রিশান (২)। তারা সবাই একই ফ্ল্যাটে বসবাস করতেন।

নিহত আফরোজা আক্তারের বোন আফরিন জানান, ফজলে রাব্বির বাড়ি কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘিরপাড় এলাকায়। তিনি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত ছিলেন। তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন।

স্বামী-স্ত্রী দুজনই কর্মজীবী হওয়ায় তাদের দুই সন্তান উত্তরা এলাকায় নানির বাসায় থাকত। আফরিন বলেন, শুক্রবার অফিস বন্ধ থাকায় বৃহস্পতিবার রাতেই আফরোজা তার ছোট ছেলে ফাইয়াজকে নানির বাসা থেকে নিজের বাসায় নিয়ে আসেন। কেউ ভাবতেও পারেনি সেটিই হবে তার জীবনের শেষ রাত।

তিনি আরও জানান, শুক্রবার সকালে আগুন লাগার খবর পেয়ে স্বজনরা ছুটে যান হাসপাতালে। একে একে তারা পরিবারের তিন সদস্যের মৃত্যুর সংবাদ পান।

আফরিন বলেন, ‘আফরোজাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার বোন, তার স্বামী ও ছোট ছেলেটা—তিন জনই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছে। তাদের শরীরে কোথাও আগুনে পোড়া চিহ্ন ছিল না।’

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আফরোজাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

তিনি বলেন, তার শরীরে কোনো দগ্ধ ক্ষত নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, এ ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।