লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে রেখেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।
তাদের অবরোধের কারণে কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ আছে। ফলে সকাল থেকেই মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা চললে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তারা।
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বলেন, একটি দাবি নিয়ে ব্যাটারিচালিত রিকশার চালকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। তাদের রাস্তা অবরোধের কারণে এই এলাকা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এমনিতেই এই এলাকায় মেট্রোরেলের কাজ চলছে। আবার রাস্তা অবরোধের কারণে যানজটের ভোগান্তি কয়েক গুণ বেড়ে গেছে।
আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি এবং তাদের বুঝিয়ে এখান থেকে সরানোর চেষ্টা করছি বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন