ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ এক কারাবন্দির ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার নাম মো. বাবুল (৫৫)।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. শাহরিয়ার জানান, দুপুরের দিকে বাবুল কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মো. বাবুল কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নম্বর ৩৬২৭০/২৫। বাবার নাম মৃত রওশন আলী। তবে তিনি কি মামলার আসামি ছিলেন এ বিষয়ে আমি কিছু জানতে পারি না, এ বিষয়ে কর্তৃপক্ষ জানাবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

