ঝিনাইদহের মহেশপুরের পর এবার রাজধানীর কদমতলীতে গণসংযোগকালে জামায়াতে ইসলামীর নারী নেত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডের ডিপটির গলি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার সেক্রেটারি ইমন আশরাফ বলেন, জামায়াতে ইসলামীর ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণসংযোগকালে কদমতলীর ৫২ নং ওয়ার্ডের ডিপটির গলির কাইল্লা পট্টিতে যুবদলের সন্ত্রাসীরা জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা করে। সন্ত্রাসীরা জামায়াতের রুকন ও মহিলা নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবির মাথায় রামদা দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। তার মাথায় চারটি সেলাই দিতে হয় চিকিৎসকদের।
তিনি বলেন, হামলার কিছুক্ষণ আগে ঢাকা-৪ আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিনের চাচাতোভাই ও স্থানীয় যুবদল নেতা রমজানের নেতৃত্বে জামায়াতের নারী কর্মীদের পথরোধ করে গণসংযোগে বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এদিকে, বুধবার (২৮ জানুয়ারি) ঝিনাইদহের মহেশপুর উপজেলার হাট খালিশপুর গ্রামে ধানের শীষের পক্ষে ভোট চাইতে গিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
মহেশপুর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক রুপা খাতুন অভিযোগ করে বলেন, ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনির পক্ষে ভোট চাইতে তারা হাট খালিশপুর গ্রামে আব্দুল গফুরের স্ত্রী রোকেয়া খাতুনের বাড়িতে যান।
এ সময় রোকেয়া খাতুন তাদের সঙ্গে অপমানজনক ভাষায় কথা বলেন। কথা কাটাকাটির একপর্যায়ে রোকেয়া খাতুন রুপা খাতুনের মুখে চড় মারেন বলে অভিযোগ করেন তিনি।
এ সময় রুপা খাতুনের সঙ্গে ছিলেন এসবিকে ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী তানিয়া খন্দকার, সাহিদা খাতুন, যমুনা খাতুনসহ আরও কয়েকজন।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে জামায়াত ইসলামের নারী কর্মী রোকেয়া খাতুন বলেন, তিনি কাউকে চড় মারেননি। মোবাইলে ভিডিও ধারণের সময় ধস্তাধস্তিতে তার হাতে আঘাত লেগে মোবাইল ফোনটি মাটিতে পড়ে যায়। বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মহেশপুর থানার এসআই টিপু সুলতান জানান, ঘটনার বিষয়ে উভয় পক্ষের বক্তব্য শোনা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন