ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পুরান ঢাকায় রেস্টুরেন্টে সিলিন্ডার বিস্ফোরণ, আহত আট

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১২:৩০ এএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : রূপালী বাংলাদেশ

রাজধানীর পুরান ঢাকার ওয়ারী এলাকার পান্তা ক্লাব রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন— শাহ আলম (৪৫), মো. ইউনুস (৩০), মো. সৌরভ (২৫), মোহাম্মদ মেহেদী (২৫), মোহাম্মদ মোস্তফা (২৭), মো. আবীর (২২), মো. কামরুল ইসলাম (২০) ও মো. জসিম (২৮)।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহতদের নিয়ে আসা ইউসুফ শেখ জানান, ওয়ারীর পান্তা ক্লাব রেস্টুরেন্টে হঠাৎ বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে রেস্টুরেন্টে থাকা কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, আহত আটজনের মধ্যে সাতজন ওই রেস্টুরেন্টের কর্মচারী এবং শাহ আলম সেখানে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, আহত শাহ আলমের অবস্থা আশঙ্কাজনক। অন্যদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডাঃ হারুনুর রশিদ জানান, পুরান ঢাকা থেকে বিস্ফোরণে আহতদের মধ্যে কামরুল এবং জসিমকে ভর্তি দেওয়া হয়েছে। কামরুলের শরীরের ৮ শতাংশ এবং জসিমের শরীরের ৩ শতাংশ দগ্ধ রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ওয়ারীর পান্তা ক্লাব রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আটজন আহত হয়ে ঢামেকের জরুরি বিভাগে এসেছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।