ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খিলগাঁওয়ে বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৪:৩২ এএম
প্রতীকী ছবি

খিলগাঁওয়ের মেরাদিয়া বাজার এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. শাহিন (৪৮) নিহত হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, খবর পেয়ে পুলিশ মেরাদিয়া বাজার এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক মো. শাহিনকে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে, দ্রুতগতির একটি প্রাইভেটকার ব্যাটারিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে চালক গুরুতর আহত হন। ঘটনার পর প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত মো. শাহিন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাতাক এলাকার বাসিন্দা। তিনি মো. আলাউদ্দিনের ছেলে। বর্তমানে তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া পুরাবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।