রাজধানীর তেজগাঁওয়ে পেশাগত সমস্যা সমাধানের নামে গঠিত সরকারি কমিটির প্রস্তাবের প্রতিবাদে কারিগরি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। এতে সাতরাস্তা মোড়ে যান চলাচল বন্ধ হয়ে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষার্থীরা তেজগাঁওয়ের গুরুত্বপূর্ণ সাতরাস্তা মোড়ে অবস্থান নেন। অবরোধের কারণে আশপাশের রাস্তাতেও যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
ওসি জানান, শিক্ষার্থীরা দশম গ্রেডে নিয়োগ-সংক্রান্ত দাবিতে এই কর্মসূচি পালন করছেন। এ ছাড়া ৩৩ শতাংশ কোটা বাতিলের দাবিও তাদের মধ্যে রয়েছে।
এর আগে সোমবার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ দেশব্যাপী অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। সংগঠনটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার (১ ফেব্রুয়ারি) আইডিইবি ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় দশম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী বা সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণ প্রস্তাবকে বৈষম্যমূলক ও অযৌক্তিক বলে উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের প্রতিটি বিভাগীয় সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে আইডিইবি নেতৃবৃন্দ, সংগ্রাম পরিষদের নেতারা, বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, সদস্য প্রকৌশলী, পলিটেকনিক শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেবেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন