ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি মাদক কারবারি চক্রের মূলহোতাসহ চার সদস্যকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো উত্তর কার্যালয়।
ডিএনসির পক্ষ থেকে জানানো হয়, গোপন নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে পরিচালিত একাধিক অভিযানে মিরপুর, পল্লবী, ডিওএইচএস, উত্তরা ও টংগী এলাকায় অভিযান চালিয়ে মোট ৫৭ হাজার ৫০০ পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেট কারও জব্দ করা হয়।
অভিযানের শুরুতে পল্লবী থানাধীন মিরপুর-১২, ডিওএইচএস রোড নম্বর-১০, এভিনিউ-৩ এলাকায় একটি প্রাইভেট কারের ড্যাশবোর্ডে বিশেষ কৌশলে লুকানো টিস্যু কাপড়ের শপিং ব্যাগ থেকে ৬ হাজার পিস লালচে রঙের ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. রাজু মোল্লা (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে রাজু মোল্লার জিজ্ঞাসাবাদ, জব্দকৃত মোবাইল ফোন পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার সহযোগী মো. সুমন মিয়াকে (পিতা: আব্দুল লতিফ) তুরাগ থানাধীন সেক্টর-১৮ এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া রাজু মোল্লার ভাড়াকৃত বাসা তুরাগের সেক্টর-১৬ এলাকায় অভিযান চালিয়ে তার স্ত্রী সানজিদা আখতারকে (২৮) ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে টংগীর শিলমুন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ৪৭ হাজার পিস ইয়াবাসহ জোৎস্না আকতার (৩০) নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবার বড় বড় চালান এনে ঢাকাসহ আশপাশের এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে ডিএনসি।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পল্লবী থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ডিএনসি ঢাকা মেট্রো উত্তর কার্যালয় জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

-20260204190059.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন