ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীতে পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৫:৩৭ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ থানা এলাকার একটি পাঁচতলা বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে আমেনা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা শান্ত হাসান জানান, তার ফুফু মানসিক ভারসাম্যহীন ছিলেন। সকাল ১১টা দিকে তিনি হাজারীবাগের গজমহল এলাকার ১২৭ নম্বর বাসার পাঁচতলায় উঠে ওপর থেকে নিচে লাফিয়ে পড়েন এবং গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমেনা খাতুন হাজারীবাগের গজমহল এলাকার ১২৭ নম্বর পাঁচতলা বাসার বাসিন্দা মিন্টু মিয়ার মেয়ে এবং মৃত লোকমান হোসেনের স্ত্রী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।