ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পেছন থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, দুপুর পৌনে ৩টার দিকে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর মাধ্যমে খবর পেয়ে তারা হাসপাতালে যান। সেখানে জরুরি বিভাগের পেছনে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বৃদ্ধের পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন