ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে রফিকুল ইসলাম (২৮) নামে এক হাজতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আরমান জানান, বিকেলে রফিকুল ইসলাম কারাগারের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
কারা সূত্র জানায়, মৃত রফিকুল ইসলামের বাবার নাম আশরাফ আলী। কারাগারে তার হাজতি নম্বর ছিল ৩৯১৮/২৬। তবে তিনি কী মামলায় বন্দি ছিলেন, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি ইতোমধ্যে কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর ময়নাতদন্ত সম্পন্ন হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।


