রাজধানীর হাজারীবাগের ঢালী অফিসের গলির একটি বাসার পাঁচতলার কক্ষ থেকে আনিশা ফেরদৌসী (২২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি এশিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ (আইইউব)-এর কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা জলিল রহমান জানান, তার মেয়ে এশিয়ান ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগে চতুর্থ সেমিস্টার শেষ করে পঞ্চম সেমিস্টারে অধ্যয়নরত ছিলেন। এরই মধ্যে পরিবারের কাউকে না জানিয়ে নিজ পছন্দে তিনি গোপনে সেলিম নামের এক যুবককে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে পারিবারিক কলহের জেরে কাউকে কিছু না বলে নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখা যায়, গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাগোয়ান গ্রামে। বর্তমানে তারা হাজারীবাগের ঢালী অফিস গলির ২৯৮/এ নম্বর, ছয়তলা ভবনের পঞ্চম তলায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন