চট্টগ্রামের হালিশহরে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে পৌঁছান তারা। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন। পরে তিনি আহতদের বর্তমান অবস্থা ও চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাদের বিস্তারিত অবহিত করেন। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘একই পরিবারের ৯ জন অগ্নিদগ্ধের মধ্যে দুজন মারা গেছেন। একজন রোগী ভেন্টিলেশনে আছেন। ভর্তিকৃত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে।’
ত্রাণমন্ত্রী বলেন, ‘প্রতিবছর মানবসৃষ্ট দুর্যোগে অসংখ্য মানুষ মারা যাচ্ছেন। ভবিষ্যতে এ রকম দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে কাজ করবে মন্ত্রণালয়।’
এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) উন্নত চিকিৎসার জন্য দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। এদের মধ্যে নুরজাহান বেগম ও মো. শাওন নামে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে চার বছরের শিশু আয়েশা আক্তার, ছয় বছরের শিশু ফারহান আহমেদ আনাসসহ সাতজন চিকিৎসা গ্রহণ করছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন