সড়ক নির্মাণ ও সংস্কার কাজে অনিয়মের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) অঞ্চল-৫-এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সংস্থাটির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, মোহাম্মদপুর এলাকায় চলমান সড়ক নির্মাণ ও মেরামত কার্যক্রম পরিদর্শনের সময় একাধিক অনিয়ম ও কারিগরি ত্রুটি চিহ্নিত হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে ‘ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯’-এর সংশ্লিষ্ট ধারায় দায়িত্বে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে, ২৫ ফেব্রুয়ারি শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মোহাম্মদপুরের সড়ক উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে নিম্নমানের কাজ, সড়কে ফাটল ও ধসের চিত্র দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পরবর্তী সময়েই সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করা হয়।


