রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে ছিদ্দিকুর রহমান (৪০) নামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক ইন্সপেক্টর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালের পেছনে এ ঘটনা ঘটে।
মাদকদ্রব্য অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। তাদের কয়েকটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষ করে এরপর যান সায়েদাবাদ এলাকায়।
তিনি জানান, সায়েদাবাদ বাস টার্মিনালের পেছনে রেললাইনের পাশে কয়েকজন মাদক কারবারিকে শনাক্ত করে তাদের একজনকে জাপটে ধরেন ছিদ্দিকুর। তখন একজন তার পকেটে থাকা পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে একটি গুলি ছিদ্দিকুরের বাঁ পায়ের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়লে সহকর্মীরা উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
মাসুম নামে এক মাদক কারবারি এই গুলি করেছে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তার বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তবে গুলিটি অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন