রাজধানীর কদমতলী শনির আখড়া ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক ঘটনায় ট্রাকচাপায় এক কিশোর ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, শাহ আলম (১২) ও নাজমুল হক (৪৭)।
রোববার (১ মার্চ) রাত সোয়া ১টার দিকে ও ১টার দিকে তাদের দুজনের মৃত্যু হয়েছে।
আহত শাহ্ আলমকে নিয়ে মো. জুবায়ের হোসেন বলেন, নিহত শাহ আলম আমার মালিবাগের কারখানায় শ্রমিক ছিল। রাত সাড়ে ১১ টার দিকে আমার কারখানা থেকে নাশতা খাওয়ার জন্য বের হয়। নাশতা খাওয়া শেষে কারখানায় যাওয়ার পথে কদমতলীর শনির আখড়া জাপানি বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় শাহ আলম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত শাহ আলমের গ্রামে বাড়ি, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বরাগ গ্রামে। বর্তমানে, মানিব্যাগ কারখানায় থাকত। পেশায় তিনি মানিবাগ কারখানার শ্রমিক ছিল।
অপরদিকে, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় নাজমুল হক (৪৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুলের বোন জামাই আশরাফ উদ্দিন বলেন, রাতে দিকে গ্রিন রোড থেকে মোটরসাইকেল চালিয়ে উত্তরখানের বাসায় যাবার পথে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মোটরবাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত নাজমুলের গ্রামে বাড়ি, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। বর্তমানে উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাসায় থাকতেন। পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন