ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকায় মিরসরাইবাসীর মিলনমেলা, ইফতার ও দোয়া মাহফিল

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ১২:২০ এএম

রাজধানী ঢাকায় বসবাসরত চট্টগ্রামের মিরসরাই উপজেলার মানুষের উদ্যোগে প্রথমবারের মতো পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।

শুক্রবার (৬ মার্চ) ‘শিকড়ের টানে, মিরসরাইয়ের মৈত্রী বন্ধনে’ প্রতিপাদ্যে ঢাকার ধানমন্ডি এলাকার একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকায় বসবাসরত মিরসরাই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সবার অংশগ্রহণে অনুষ্ঠানস্থল মিরসরাইবাসীর এক মিলনমেলায় পরিণত হয়।

ইফতারের আগে আয়োজক ও আইটি বিশেষজ্ঞ মাইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত চিকিৎসক বদরুল হায়দার চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, খবরের কাগজের অনলাইন বিভাগের শিফট ইনচার্জ কবি ও সাংবাদিক সালেক নাছির উদ্দিন, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ জয়নাল আবেদীন, আজকের পত্রিকার মার্কেটিং বিভাগের প্রধান সাংবাদিক সিরাজুল ইসলাম সুমন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিচালক দিলরুবা আক্তার, সিএন্ডএফ ব্যবসায়ী শাহাদাত হোসেন, মনট্রিয়াল অ্যাপারেলস লিমিটেডের মার্চেন্ডাইজিং ম্যানেজার আবদুল্লাহ আল মামুন চৌধুরী, প্রথম আলোর ডিজিটাল মার্কেটিং বিভাগের ডেপুটি ম্যানেজার সেলিম উদ্দিন রিয়াদ এবং মিরসরাই কণ্ঠের সম্পাদক মো. শামসুদ্দিন শামস প্রমুখ।

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কয়েকজন সাংবাদিক

বক্তারা বলেন, নিজ এলাকার মানুষের মধ্যে আত্মিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে একটি অরাজনৈতিক, সুসংগঠিত প্ল্যাটফর্ম গঠন প্রয়োজন। ঈদের পর আলোচনার মাধ্যমে সংগঠনের নাম নির্ধারণ, কমিটি গঠন এবং একটি কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ঢাকায় বসবাসরত মিরসরাই উপজেলার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণে—বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে—সম্মিলিত উদ্যোগ গ্রহণের পথ তৈরি হবে। ভবিষ্যতে এই আয়োজন আরও বড় পরিসরে করারও আহ্বান জানান বক্তারা।