রাজধানীর হাতিরঝিল থানার মগবাজারের মধুবাগ ৩ নম্বর গলি এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে চাপা পড়ে মোছা. রাশেদা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাশেদাকে হাসপাতালে নিয়ে আসা সাখাওয়াত হোসেন জানান, কাজ শেষে বাসায় ফেরার পথে মধুবাগ ৩ নম্বর গলির পাশ দিয়ে হাঁটার সময় নির্মাণাধীন ভবনের একটি দেয়াল ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নিহত রাশেদার গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার দুর্গাপুর গ্রামে। তিনি মো. সাইফুল ইসলামের স্ত্রী। বর্তমানে রাজধানীর মধুবাগ ৩ নম্বর গলিতে রুহুল আমিনের বাড়িতে ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

