রাজধানীর কামরাঙ্গীরচর লোহার ব্রিজ থেকে সেকশন ব্রিজ অভিমুখী সড়কের পাশে ময়লার ডিপোর সামনে বিদ্যুতের খুঁটির নিচ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আক্কাস আলী জানান, খবর পেয়ে বুধবার রাত আনুমানিক ১টার দিকে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার পাশের ময়লার স্তূপের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই আক্কাস আলী আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে ওই ব্যক্তি এলাকায় ভবঘুরে হিসেবে পরিচিত ছিলেন। ধারণা করা হচ্ছে, গত রাতে ঝড়-বৃষ্টির মধ্যে পড়ে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।


