রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে অবস্থিত একটি নয় তলার সিসা বারে সোমবার (২৩ মার্চ) রাতে অভিযান চালায় বনানী থানা পুলিশ।
বনানী থানার ওসি জানান, অভিযানের ঘটনা সত্য, তবে সেখানে কোনো সিসা পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং অভিযান অব্যাহত থাকবে।
অভিযান সূত্রে জানা গেছে, বনানী এলাকায় এখনও কিছু অননুমোদিত সিসা সেবন চলমান রয়েছে। এসব স্থানে কোনো সরকারি অনুমোদন নেই।
এর আগে ৩ মার্চ হাইকোর্ট গুলশান-বনানী এলাকার অনুমোদনবিহীন মাদক সিসা ও সিসা লাউঞ্জ বন্ধের নির্দেশ দেন।
হাইকোর্টের বেঞ্চে ছিলেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু।
রাজধানীর অভিজাত এলাকায় রাত গভীর হলে সিসা বার ও লাউঞ্জে গোপন আড্ডা বসে। বাইরে থেকে ক্যাফে মনে হলেও ভেতরে এগুলোতে তামাকজাত সিসার সঙ্গে নানা ধরনের মাদক ব্যবহার হয়।
অনেক স্থানে অনৈতিক কার্যক্রমও চলে। দেশে সিসা বার পরিচালনার বৈধ অনুমতি না থাকলেও কার্যকর তদারকির অভাবে নিয়ন্ত্রণহীনভাবে এ সংস্কৃতি ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামে একটি সিসা বার থেকে বের হয়ে খুন হন একজন ইন্টারনেট ব্যবসায়ী।
তদন্তে দেখা গেছে, এর আগে ওই স্থানে ‘এরাবিয়ান কজি’ নামে সিসা বার পরিচালনা করা হতো, যা বন্ধ হলেও মালিকপক্ষ নাম পাল্টে আবারও গোপনে একই ব্যবসা চালু করেছে।


