ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢামেকের জরুরি বিভাগের পেছনে পড়েছিল ‘অচেতন’ এক যুবক, পরে মৃত্যু

মেডিকেল প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০২:৪৮ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের (ওসেক) পেছন থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার দিকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী তাদের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ওসেকের পেছনে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।