ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক তাজুল ইসলাম আর নেই

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৩:৪৮ পিএম
জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাজুল ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাজুল ইসলাম (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে পৌরসভার আলীয়াবাদে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তাজুল ইসলাম আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছিলেন। শিক্ষকতা পেশায় বিশেষ অবদানের জন্য তিনি জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কারে ভূষিত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাদ আসর আলীয়াবাদ দক্ষিণ কবরস্থান মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে আলীয়াবাদ দক্ষিণ কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান, কাজী নাজমুল হোসেন তাপস, নবীনগর প্রেসক্লাব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

তার মৃত্যুতে নবীনগরের শিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।