কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী নাফ নদীতে অভিযান চালিয়ে একটি জি-থ্রি রাইফেল, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। তবে অভিযানের সময় অস্ত্রধারী চোরাকারবারিরা নৌকা ফেলে নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়নের অধীন পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাহারপাড়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখা সংলগ্ন এলাকায় মিয়ানমার থেকে জেলের ছদ্মবেশে একটি নৌকাযোগে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তিকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়।
এলাকাটি ইয়াবা পাচারের একটি পরিচিত রুট হওয়ায় বিজিবি টহল দল তাদের বাংলাদেশের জলসীমায় প্রবেশ না করার জন্য সতর্ক করে। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে তারা বাংলাদেশের জলসীমায় প্রবেশের চেষ্টা করলে বিজিবির বিশেষ টহল দল নাফ নদী সংলগ্ন বেড়িবাঁধে অবস্থান নিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ সময় সশস্ত্র চোরাকারবারিরাও কয়েক রাউন্ড গুলি চালায়। একপর্যায়ে তারা নৌকাটি ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা নৌকাটি জব্দ করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করেন।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— একটি জি-থ্রি রাইফেল, তিনটি খালি জি-থ্রি ম্যাগাজিন, তিনটি খালি ফাইবার ম্যাগাজিন, ৫১৫ রাউন্ড গুলি, একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন, দুটি এয়ারটেল সিম, ৪ হাজার পিস ইয়াবা, একটি জি-থ্রি পাউচ, দুটি লুঙ্গি, একটি কলার গেঞ্জি, ২০ টাকা নগদ অর্থ এবং ১২ প্যাকেট মারাইস সিগারেট।
বিজিবি জানিয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী গত ৩০ মে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাব্যিক চর এলাকায় জেলের ছদ্মবেশে থাকা দুই রোহিঙ্গার কাছ থেকে গুলি ছুড়ে ইয়াবা ছিনিয়ে নেওয়া যে সশস্ত্র দলটি ছিল, পালংখালীর সর্বশেষ ঘটনাতেও একই দল জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির জনবল মোতায়েন ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী জনসাধারণ ও জেলেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
বিজিবির পক্ষ থেকে বলা হয়, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে সন্ত্রাস দমনে সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
-20260604103008.webp)

