ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গ্যাস লাইটার কারখানায় দগ্ধ ২ শ্রমিক বার্ন ইনস্টিটিউটে ভর্তি

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৫:৫৫ পিএম
ছবি- সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুন লেগে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বিকেল পাঁচটার দিকে দগ্ধ অবস্থায় মো. আসিফ (১৪) ও মো. জিসান (২২)-কে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা তাদের ভর্তি করেন। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, আগুনে দগ্ধ হয়ে দুইজন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে আসিফের শরীরের প্রায় ১৫ শতাংশ এবং জিসানের শরীরের প্রায় ২২ শতাংশ পুড়ে গেছে।

তিনি আরও জানান, আহত দুইজনই ওই কারখানার শ্রমিক এবং তারা ‘ফ্লেম বার্ন’-এ আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানা গেছে।