তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনার পর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাসেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওষুধ পরিবর্তনকে কেন্দ্র করে ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসার জন্য বিকেলে জরুরি বিভাগে আসেন। তার চিকিৎসাপত্র লিখে দেওয়া হয়। তবে সরকারি ঔষধ সরবরাহ না থাকায় তাদেরকে বাইরে থেকে ঔষধ কিনে আনতে বলা হয়। কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী ও তার সহপাঠীরা হাসপাতালে এসে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে। পরে তারা ডাক্তারদের ওপর ক্ষিপ্ত হলে দুই পক্ষের হাতাহাতি হয়৷ এরপর বাড়তে থাকে উত্তেজনা। কয়েক দফায় হয় হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের একটি হাতাহাতির ঘটনা ঘটেছে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন