রাজধানীর কদমতলীর শনির আখড়া এলাকায় একটি বাসা থেকে মোছা. আলো আক্তার (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে মাদ্রাসার শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে পরিবার।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আটটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. রাসেল জানান, তার মেয়ের পড়াশোনায় মনোযোগ কম থাকায় তাকে কোনো স্কুল বা মাদ্রাসায় ভর্তি করা হয়নি। বাসাতেই কোরআন শিক্ষা দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার বিকেলে পারিবারিক একটি বিষয় নিয়ে তাকে বকাঝকা করা হলে সে নিজের কক্ষে গিয়ে প্রথমে ঘুমের ওষুধ খায়। পরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
তিনি আরও জানান, তারা কদমতলীর শনির আখড়া এলাকার রায়েরবাগে একটি পাঁচতলা বাসার ভাড়াটিয়া। পরিবারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন