রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় আসমা ভূঁইয়া (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, ট্রেন ছাড়ার মুহূর্তে ওঠার চেষ্টা করলে পা পিছলে লাইনে পড়ে যান আসমা। এ সময় ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী মো. মমিন বলেন, তারা দক্ষিণখানের মোল্লারটেক এলাকায় বসবাস করেন। সকালে নারায়ণগঞ্জে মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে এসেছিলেন। কিন্তু যাত্রার আগেই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা।
পারিবারিক সূত্রে জানা গেছে, আসমা ভূঁইয়া চার মেয়ের জননী ছিলেন। মেয়ের বাসায় যাওয়ার পথে এ দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।


