দেশের অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং খাতের বিকাশ এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধন জোরদারের লক্ষ্যে বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘১ম বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬’।
এটি এমআইএসটির শিক্ষার্থীদের গঠিত স্টুডেন্ট ফর্মুলা দল ‘এমআইএসটি ব্লিটজ’ এবং ‘বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটি’র যৌথ উদ্যোগে আয়োজিত দেশের প্রথম জাতীয় পর্যায়ের ফর্মুলা স্টুডেন্ট ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিংভিত্তিক সম্মেলন।
আয়োজকরা জানান, শিক্ষার্থী, প্রকৌশলী, গবেষক, অটোমোবাইল শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং নীতিনির্ধারকদের একই প্ল্যাটফর্মে নিয়ে এসে দেশের অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং খাতের উন্নয়ন ত্বরান্বিত করা এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে টেকসই সহযোগিতার সম্পর্ক গড়ে তোলাই ছিল এই সামিটের মূল উদ্দেশ্য। দিনব্যাপী এই আয়োজনে প্রায় আড়াই হাজারেরও বেশি অতিথি ও দর্শনার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এছাড়া আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এমআইএসটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ শরীফুল ইসলাম, পিএসসি।
সামিটে অটোমোটিভ ও ফর্মুলা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিশেষজ্ঞদের পরিচালনায় একাধিক টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশের অটোমোটিভ ও ওরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইএম) খাতের উন্নয়ন নিয়ে ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটি, শিল্পখাতের পেশাজীবী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা সভা আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ‘ফর্মুলা ফিউচার বিজনেস কেস’ প্রতিযোগিতা, আইসি ইঞ্জিন মাস্টারক্লাস ও কুইজ, ‘ফর্মুলা স্টুডেন্ট কনসেপ্ট কার চ্যালেঞ্জ’, ক্যাড ডিজাইন প্রতিযোগিতা এবং পোস্টার প্রেজেন্টেশন।
এছাড়া দর্শনার্থীদের জন্য ছিল কার শো, গো-কার্ট রেসিং এবং সিমুলেটর রেসিংয়ের মতো আকর্ষণীয় আয়োজন। এর মধ্যে বিশেষ আকর্ষণ ছিল ‘কার শো’, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ফর্মুলা স্টুডেন্ট রেসিং কার প্রদর্শনের পাশাপাশি স্বনামধন্য ব্র্যান্ড ও সংগ্রাহকদের হাই-পারফরম্যান্স গাড়িও প্রদর্শিত হয়।
মূল আয়োজনের আগে ‘ট্র্যাকটক ২০২৬’ শীর্ষক একটি অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে ফর্মুলা স্টুডেন্ট, ফর্মুলা ওয়ান এবং হাই-পারফরম্যান্স যানবাহন উন্নয়নে অভিজ্ঞ দেশি-বিদেশি অটোমোবাইল শিল্পের বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন।
আয়োজকদের প্রত্যাশা, এমআইএসটি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সামিট দেশের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষা ও গবেষণার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশে ফর্মুলা স্টুডেন্ট কার্যক্রম ও প্রতিযোগিতার বিকাশেও এটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন