রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার নয়া নগর আলপালা মসজিদ এলাকার পাশে দূর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফারুক (২০) নামের এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু সজীব জানান, ফারুক পেশায় একজন টাইলসের মিস্ত্রি, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলার নয়া নগর আলপালা মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে ফারুককে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে আমরা তার কিছুই জানিনা।
তিনি আরও জানান, নিহত ফারুকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাঞ্ছারামপুর উপজেলার মায়াপুর গ্রামে। তার বাবার নাম মো. আলমগীর হোসেন।
বর্তমানে যাত্রাবাড়ী কাজলা এলাকায় থাকতেন। তিনি পেশায় টাইলস মিস্ত্রির কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন