রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় এলাকায় টি-শার্ট ডেলিভারি দিতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন রমজানুল ইসলাম নামে এক যুবক। এসময় তার কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা ও মোবাইল ফোনসহ সব কেড়ে নেয় ছিনতাইকারীরা।
শনিবার (১১ এপ্রিল) এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) বিকেলে আদাবরের শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন রমজানুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি পাঠাও ডেলিভারি বয় হিসেবে কাজ করেন। শনিবার বিকেলে রমজানুল আদাবরের শ্যামলী হাউজিংয়ের দ্বিতীয় প্রকল্প এলাকায় একটি টি-শার্ট ডেলিভারি দিতে এলে ৮-১০ জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। এরপর দেশীয় ধারালো অস্ত্র সামুরাই দিয়ে আঘাত করে নগদ ৭০ হাজার টাকার বেশি ও মোবাইল ফোনসহ সব কেড়ে নেয়।
রমজানুল ইসলাম বলেন, আমি বিকেলের দিকে শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্পে একটা টি-শার্ট ডেলিভারি দিতে আসি। আসার পর যারা শার্ট অর্ডার করেছিল, তারা ৮-১০ জনের একটি দল আমাকে ঘিরে ধরে। এসময় আমাকে সামুরাইয়ের উল্টা পাশ দিয়ে আঘাত করে আমার থেকে টাকা আর মোবাইল ফোন নিয়ে যেতে চায়। আমি তখন চিৎকার দিই। আশপাশের দোকানে এবং রাস্তায় অনেক মানুষ ছিল। কিন্তু কেউ আমাকে বাঁচাতে আসেনি। ওই সময় ছিনতাইকারীরা আমার থেকে ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে চলে যায়। আমি একজনের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ আসে।
তিনি বলেন, আমি ডেলিভারি বয়ের কাজ করে যা ইনকাম করি, তা দিয়ে আমাদের সংসার চলে। ছিনতাইকারীরা আমাকে নিঃস্ব করে দিল।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, আমরা এখনো এ ঘটনার কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন