রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ১১৭টি চোরাই মোবাইল ফোনসহ চোরাকারবারি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে গুলিস্তানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জহুরুল ইসলাম (৩৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১১৭টি স্মার্টফোন ও বাটন ফোন এবং ২০টি পুরোনো মোবাইল চার্জার উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ১২ হাজার ৩০০ টাকা।
পল্টন থানা সূত্রে জানা গেছে, সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের একটি দল এ অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহুরুল ইসলাম স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল কম দামে কিনে গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন