ভারতের আসাম রাজ্যের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে আবারও ডিজেল সরবরাহ শুরু হয়েছে। বুধবার (১১ মার্চ) প্রায় ৫ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোর সংরক্ষণাগারে পৌঁছানোর কথা রয়েছে।
ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব জানান, সোমবার (৯ মার্চ) বিকেল থেকে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাঠানো শুরু হয়েছে। এই সরবরাহ ধাপে ধাপে পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জেলাগুলোতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি একটি চুক্তি করে বাংলাদেশ। ওই চুক্তির আওতায় পাইপলাইনের মাধ্যমে সরাসরি ডিজেল আমদানির ব্যবস্থা করা হয়।
এ লক্ষ্যেই ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি এলাকা থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত দীর্ঘ পাইপলাইন নির্মাণ করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচি বা পরিবহন ব্যাহত হওয়ার ঝুঁকি এড়াতে এ পদ্ধতিকে নিরাপদ ও কার্যকর বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশ সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে। এরই অংশ হিসেবে ফেব্রুয়ারি পর্যন্ত ৫ হাজার মেট্রিক টন ডিজেল পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
এই পরিমাণ ডিজেল আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা। এর একটি অংশ বিপিসি নিজস্ব তহবিল থেকে বহন করবে, আর বাকি অর্থ ব্যাংক ঋণের মাধ্যমে পরিশোধ করা হবে।
এদিকে, একই পাইপলাইন ব্যবহার করে আগামী চার মাসের মধ্যে অতিরিক্ত আরও ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব জ্বালানি মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে বিপিসি।
তথ্য অনুযায়ী, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে ২০২৩ সালে ৩৫ হাজার ৭১৮ মেট্রিক টন, ২০২৪ সালে ২৮ হাজার ২০৪ মেট্রিক টন এবং ২০২৫ সালে ১ লাখ ২৪ হাজার ২১৬ মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন