বাংলাদেশের সিরামিক শিল্প আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান এক্স সিরামিক্স গ্রুপ উত্তর আমেরিকার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ সিরামিক টাইলস ও প্রাকৃতিক পাথরের প্রদর্শনী ‘কভারিংস ২০২৬’-এ অংশ নিয়ে দেশের প্রথম ও একমাত্র টাইলস ও স্যানিটারি ওয়্যার প্রস্তুতকারক হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে।
২০২৬ সালের ৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই বৈশ্বিক আয়োজনে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো অংশ নিচ্ছে। এখানে সর্বাধুনিক টাইলস, স্টোন এবং স্যানিটারি প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে, যা আন্তর্জাতিক বাজারে নতুন প্রবণতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রদর্শনীর নর্থ হলের ৩৩৭৯ নম্বর বুথে এক্স সিরামিক্স গ্রুপ তাদের আধুনিক প্রযুক্তি ও নান্দনিকতার সমন্বয়ে নির্মিত উদ্ভাবনী টাইলস উপস্থাপন করছে। এর মধ্যে রয়েছে জীবাণুরোধী প্রযুক্তিসম্পন্ন ‘জার্মি প্রুফ টাইলস’, তাপমাত্রা নিয়ন্ত্রণ সক্ষম ‘টেম্প কন্ট্রোল টাইলস’, ভেজা ফ্লোরে নিরাপত্তা নিশ্চিতকারী ‘এন্টি স্লিপ টাইলস’, টেকসই ও প্যাটেন্টেড ‘স্টোন শিল্ড টাইলস’ এবং কাঠের স্বাভাবিক গঠন ও উষ্ণতার অভিজ্ঞতা দেওয়া ‘উড ট্রেইল’ সিরিজ।
টাইলসের পাশাপাশি প্রতিষ্ঠানটি তাদের আধুনিক স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড ‘এক্স বাথওয়্যার’-ও প্রদর্শন করছে। বিশেষভাবে উল্লেখযোগ্য তাদের নতুন ‘ইটালিয়ান ডিজাইন’ এবং ‘ইটালিয়ান প্রিসিশন’ সিরিজ, যেখানে ইউরোপীয় নান্দনিকতা ও সূক্ষ্ম প্রকৌশল দক্ষতার সমন্বয় ঘটেছে। রোবোটিক হাই-প্রেশার কাস্টিং এবং উন্নত স্প্রে প্রযুক্তির মাধ্যমে তৈরি এসব পণ্যে আন্তর্জাতিক মানের নিখুঁত ফিনিশিং ও উচ্চ গুণগত মান নিশ্চিত করা হয়েছে।
প্রদর্শনীতে সরাসরি উপস্থিত রয়েছেন এক্স সিরামিক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহীন মাজহার এবং উপদেষ্টা ও পরিচালক মুহাম্মদ শহিদুজ্জামান। তাদের অংশগ্রহণ বৈশ্বিক শিল্পখাতে অংশীদারিত্ব ও সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতির প্রতিফলন।
এই অর্জন সম্পর্কে মাহীন মাজহার বলেন, এটি শুধু এক্স সিরামিক্স গ্রুপের জন্য নয়, পুরো বাংলাদেশের জন্যই গর্বের একটি মুহূর্ত। কভারিংস-এ আমাদের অংশগ্রহণ উদ্ভাবন, গুণমান এবং বৈশ্বিক মানদণ্ডে আমাদের অঙ্গীকারকে তুলে ধরে।
বিশ্লেষকদের মতে, এই অংশগ্রহণ শুধু একটি প্রদর্শনী নয় এটি একটি শক্তিশালী বার্তা যে, বাংলাদেশ এখন বৈশ্বিক শিল্পমঞ্চে প্রতিযোগিতা, সহযোগিতা এবং নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। বিশ্বের শীর্ষ ব্র্যান্ডগুলোর সঙ্গে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক্স সিরামিক্স গ্রুপ দেশের উৎপাদন সক্ষমতা ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করছে।
লাস ভেগাসে বিশ্বের স্থপতি, ডিজাইনার এবং শিল্পখাতের নেতৃবৃন্দ যখন একত্রিত হয়েছেন, তখন এক্স সিরামিক্স গ্রুপ সেখানে বহন করছে একটি জাতির আকাঙ্ক্ষা ও উদ্ভাবনের প্রতিশ্রুতি যা বাংলাদেশের বৈশ্বিক ডিজাইন অঙ্গনে এগিয়ে যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন