ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানে কিছুটা নমনীয়তা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব শর্ত পূরণ না হলেও বিশেষ অর্জনের ভিত্তিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমান বোনাস দিতে পারবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি-২) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, এ সুবিধা নিতে হলে ব্যাংককে অবশ্যই সংশ্লিষ্ট বছরে পরিচালন মুনাফা অর্জন করতে হবে। পাশাপাশি আগের বছরের তুলনায় মূলধন কমানো যাবে না এবং কোনো সঞ্চিতি বিলম্ব সুবিধার আবেদনও করা যাবে না।
কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এই সিদ্ধান্তের ফলে ব্যাংক কর্মকর্তাদের কর্মউদ্দীপনা বাড়বে এবং একই সঙ্গে আর্থিক শৃঙ্খলাও বজায় থাকবে। আগের নির্দেশনার অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে ইতোমধ্যে এটি পাঠানো হয়েছে।

