‘সাজেদা অরেঞ্জ জিরো কুপন বন্ড’ পুঁজিবাজারে ইলেকট্রনিক সাবস্ক্রিপশন পরিচালনা করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১৮ মে) ডিএসইর নিকুঞ্জ অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
ডিএসই ইএসএস প্ল্যাটফর্মে বন্ডটির সাবস্ক্রিপশন সোমবার (১৮ মে) শুরু হয়েছে, শেষ হবে ২৩ মে। এটি ইএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত হওয়া প্রথম প্রাইভেট বন্ড৷
বাংলাদেশের অন্যতম উন্নয়নমুখী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশনের অরেঞ্জ জিরো কুপন বন্ডের অভিহিত মূল্য ১৫৮ দশমিক ৫০ কোটি টাকা। এর মধ্যে ৭৫ দশমিক ৭৩ কোটি টাকা অভিহিত মূল্যের বন্ড ডিএসইর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ই্এসএস) মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের (ব্যবসায়ী উদ্যোক্তা) জন্য অফার করা হয়েছে।
বন্ডটি ১ বছর, ২ বছর ও ৩ বছর মেয়াদে জিরো-কুপন ইন্সট্রুমেন্ট হিসেবে গঠন করা হয়েছে। যা বিনিয়োগকারীদের তাদের পছন্দ অনুযায়ী বিনিয়োগের মেয়াদ নির্বাচন করার সুযোগ প্রদান করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার ও সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মো. ফজলুল হক এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা৷
অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, দেশের জনমিতিক সুবিধা কাজে লাগাতে উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন কাঠামো গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অরেঞ্জ বন্ডের মতো উদ্ভাবনী বন্ড পুঁজিবাজারে বিকল্প অর্থায়নের নতুন সুযোগ তৈরি করছে।
ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হোসাইন বলেন, সাজিদা অরেঞ্জ বন্ডের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি থিমেটিক বন্ড বাজারের ভিত্তি স্থাপিত হচ্ছে। এই উদ্যোগ দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি শক্তিশালী ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করবে, যেখানে সামাজিক প্রভাবের পাশাপাশি আর্থিক রিটার্নও নিশ্চিত হবে।
তিনি আশা প্রকাশ করেন, ডিএসই প্ল্যাটফর্মের মাধ্যমে চালু হওয়া এই বন্ড ভবিষ্যতে আরও এ ধরনের ইস্যুর পথ খুলে দেবে।
সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মো. ফজলুল হক বলেন, নারীদের জন্য বিনিয়োগভিত্তিক ‘অরেঞ্জ জিরো কুপন বন্ড’ বাস্তবায়ন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

