দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার লিমিটেড এবং শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল গ্রাহকদের পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
বুধবার (২০ মে) রাজধানীতে ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ এবং ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ আহমাদ আব্দুল্লাহ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় নভোএয়ারের যাত্রীরা ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল থেকে বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় পাবেন। একইভাবে ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের গ্রাহকরাও নভোএয়ারের প্রমোশনাল অফার সুবিধা উপভোগ করতে পারবেন। উভয় প্রতিষ্ঠান জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে ক্রস-প্রমোশনাল কার্যক্রমের মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং অতিরিক্ত সুবিধা নিশ্চিত করাই মূল লক্ষ্য।
নভোএয়ার ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল মনে করে, এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য নতুন অভিজ্ঞতা ও বিশেষ সুবিধা আরও সুদৃঢ় করবে।
নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ বলেন, ‘গ্রাহকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে নভোএয়ার সবসময় নতুন উদ্যোগ গ্রহণ করে থাকে। এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গ্রাহকসেবা উন্নয়ন, বিশেষ অফার প্রদান এবং ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে একযোগে কাজ করবে।’
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন