রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শুরু হয়েছে। এবারের সি ইউনিটের ভর্তি পরীক্ষা মোট দুই শিফটে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে আসনপ্রতি লড়ছে ৮২ জন ভর্তিচ্ছু।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দ্বিতীয়বারের মতো রাজশাহী ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল—এই পাঁচটি আঞ্চলিক বিভাগীয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর ৪ হাজার ১৭টি আসনের বিপরীতে তিন ইউনিট মিলিয়ে মোট ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন ভর্তিচ্ছু লড়বে। এর মধ্যে আজকের ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৫ জন আবেদন করেছেন। এই ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৫৩৬টি আসন রয়েছে। এই হিসাবে আসনপ্রতি লড়ছেন ৮২ জন।
তবে পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, অত্যন্ত সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ক্যাম্পাসজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রক্টরিয়াল বডির বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনারোধে গোয়েন্দা সংস্থার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছেন। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতে ক্যাম্পাসের প্রতিটি পয়েন্টে পর্যাপ্ত বিএনসিসি এবং রোভার স্কাউট সদস্য মোতায়েন করা হয়েছে। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।
‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ফটকের সামনে সংবাদ সম্মেলন করেছেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।
তিনি বলেন, সকল কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও প্রতিটি সেচ্ছাসেবী সংগঠন খুব সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করছেন। আমরা আশা রাখছি, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হবে।
প্রক্সিকাণ্ড কিংবা যেকোনো অপ্রত্যাশিত ঘটনারোধে তিনি সকলের কাছে অনুরোধ জানিয়ে বলেন, যেকোনো অপ্রত্যাশিত ঘটনা বা প্রক্সি এমন কোনো তথ্য পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যেন দ্রুত সময়ের মধ্যে অবহিত করা হয়৷ প্রশাসন দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে।
জানা যায়, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিকভাবে সচেষ্ট আছে। এ বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটি ও উপকমিটিসমূহ, ইউনিটভিত্তিক কমিটিসমূহ, আইসিটি সেন্টার, প্রক্টর দপ্তর, ছাত্র উপদেষ্টা দপ্তর, জনসংযোগ দপ্তর, পরিবহন দপ্তর ও হল প্রশাসন, স্থানীয় জনপ্রশাসন ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষাকারী কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করে চলেছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন